ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬
দৈনিক এস এইচ এন্টারটেনমেন্ট

তথ্য অধিকার ও সততা চর্চায় নারায়ণগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবার প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর জোর দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামাজিক পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।বুধবার সকাল ৯টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দুদকের নারায়ণগঞ্জ জোনের উপপরিচালক মো. ইসমাইল হোসেন। তিনি ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে বিশদ আলোচনা করে বলেন, সাধারণ মানুষ যখন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য জানার আইনি অধিকার সম্পর্কে সচেতন হবে, তখন দুর্নীতি এমনিতেই কমে আসবে। তথ্য লুকানোর সুযোগ না থাকলে দুর্নীতিবাজরা পিছু হটতে বাধ্য হয়।সমাজে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) দায়িত্ব ও দুদকের রূপকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতি দূর করতে দুপ্রক সদস্যদের সাহসী ভূমিকা পালন করতে হবে।স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সততার অনুশীলন বাড়াতে ‘সততা স্টোর’ ও ‘সততা সংঘ’ কীভাবে কাজ করে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ এবং বেলায়েত হোসেন। তারা স্কুল কমিটি, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।দুদকের সমন্বিত জেলা কার্যালয় নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজ থেকে অনিয়ম দূর করার শপথ নেন। অনুষ্ঠান শেষে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।ক্যাপশন: নারায়ণগঞ্জে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

তথ্য অধিকার ও সততা চর্চায় নারায়ণগঞ্জে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা