"আগুনে পুড়েছিল দোকান; লৌহজংয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ঢেউটিন দিয়ে সরকারি সহায়তা
ভয়াবহ আগুনে নিমিষেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল উপার্জনের একমাত্র সম্বল। সর্বস্বান্ত হয়ে চরম হতাশার মধ্যে দিন পার করছিলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ী বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ। এবার সেই অসহায় ব্যবসায়ীর মুখে কিছুটা হাসি ফোটালো উপজেলা প্রশাসনের সরকারি সহায়তা। মঙ্গলবার (৫ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর হাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২ বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল জাহাঙ্গীরের ওই ভাঙ্গারির দোকানে হঠাৎ করেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাণহানি না ঘটলেও আগুনে দোকানের প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়, যা স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
ক্ষতিগ্রস্তের পুনর্বাসনে এই ত্রাণ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মো. রেজাউল করিম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ হোসেন। প্রশাসন থেকে জানানো হয়, যেকোনো আকস্মিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
আপনার মতামত লিখুন