এস আলমের দোসরদের বিতাড়ন ও আমানতের সুরক্ষায় মুন্সীগঞ্জে গ্রাহক প্রতিবাদ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে লুটেরাদের হাত থেকে রক্ষা এবং সাধারণ আমানতের শতভাগ সুরক্ষার দাবিতে মুন্সীগঞ্জে রাজপথে নেমেছেন সাধারণ গ্রাহকরা। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের স্থানীয় শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত ছোট-বড় প্ল্যাকার্ড হাতে নিয়ে শত শত গ্রাহক এই কর্মসূচিতে অংশ নেন।
ব্যাংক খাতের চলমান অস্থিরতা এবং একটি বিশেষ গোষ্ঠীর বিপুল অঙ্কের ঋণ জালিয়াতির খবরে সাধারণ আমানতকারীদের মধ্যে যে ভীতির সৃষ্টি হয়েছে, মূলত তারই বহিঃপ্রকাশ এই মানববন্ধন। গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ‘এস আলম’-এর সব দোসরকে অপসারণের আল্টিমেটাম দেন।
মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আমিন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক সাহেবকে দ্রুত তাঁর স্বপদে ফিরিয়ে আনতে হবে। যাঁরা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, তাঁদের বিচারের জন্য অবিলম্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং লুট হওয়া অর্থ পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীরা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে, সেদিকে প্রশাসনকে কড়া নজরদারি রাখার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, "প্রতিষ্ঠাকালীন যাঁদের কাছ থেকে জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাঁদের হাতেই আবার দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের বৈষম্য দূর করে ভারসাম্য আনতে হবে।"
গ্রাহকদের মধ্যে আতঙ্ক দূর করে আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা চরম হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, "ইসলামী ব্যাংক নিয়ে ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র এদেশের কোটি গ্রাহক মেনে নেবে না। লুটেরাদের কাছে সাধারণ মানুষের ঘামঝরানো আমানত কোনোভাবেই জিম্মি হতে দেওয়া হবে না।"
আপনার মতামত লিখুন