মুন্সীগঞ্জে ডিবির জালে ২০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
(জব্দকৃত ইয়াবা বড়ি)রবিবার (৩ মে, ২০২৬) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন গণকপাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মনির হোসেন খন্দকার (৪৮)। তিনি ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল গণকপাড়া সাকিনস্থ মনির হোসেনের বসতবাড়ির উঠানে আকস্মিক হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

আপনার মতামত লিখুন