মোংলায় কোস্টগার্ড পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ। এক মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ মিরাজের
মোংলায় কোস্টগার্ড পরিচয়ে মিরাজ শেখ নামের এক যুবককে তুলে নেওয়ার এক মাস পেরিয়ে গেলেও, এখনো মেলেনি তাঁর কোনো সন্ধান। নিখোঁজ মিরাজের দ্রুত সন্ধানের দাবিতে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
https://www.facebook.com/share/v/1Zj8z9MvuH/
(নিখোঁজ মিরাজ শেখ)পরিবারের অভিযোগ, গত ১০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের জয়মনী ঠোটার একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি নিজেদের কোস্টগার্ড সদস্য পরিচয় দিয়ে মিরাজকে তুলে নিয়ে যায়। মিরাজ পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক এবং পোনা মাছ আহরণকারী ছিলেন। স্বজনদের দাবি, ঘটনার কয়েকদিন পর গভীর রাতে কোস্টগার্ড পরিচয়ে একদল লোক এসে ঘটনাস্থলে পড়ে থাকা তাঁর মোটরসাইকেলটিও নিয়ে যায়। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন মিরাজের মা তাসলিমা বেগম। তিনি আর্তনাদ করে বলেন, ছেলে কোনো অপরাধ করে থাকলে আইনের মাধ্যমে বিচার হোক, কিন্তু অন্তত তিনি জানতে চান তাঁর সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে। পরিবারের দাবি, থানায় সরাসরি কোস্টগার্ডের বিরুদ্ধে অভিযোগ দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে গত ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়। এ ঘটনায় মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি' জানিয়েছে, মিরাজকে জনসমক্ষে আনতে এবং খুঁজে বের করতে দ্রুতই হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। এদিকে পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে নিখোঁজ যুবককে উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে। তবে, অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কোস্টগার্ড। পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন জানান, এই ঘটনার সাথে কোস্টগার্ড কোনোভাবেই সম্পৃক্ত নয়; বরং নিয়মিত অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই এমন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সব মিলিয়ে ৬ বছরের শিশু সন্তানকে নিয়ে এখন চরম উৎকণ্ঠায় নিখোঁজ মিরাজের পরিবার।

আপনার মতামত লিখুন