অগ্নিঝুঁকি কমাতে মুন্সিগঞ্জে সচেতনতার বার্তা নিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু
সাধারণ জনগণকে দুর্যোগ ও অগ্নি সচেতনতায় সম্পৃক্ত করতে মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে সপ্তাহব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ ও শহর অঞ্চলে অগ্নিনিরাপত্তা জোরদার করা।
এবারের ফায়ার সপ্তাহের মূল সুর—"অগ্নিযোদ্ধাদের পণ, নিরাপদে রাখিব সম্পদ ও জীবন; এই স্লোগানকে বুকে ধারণ করে জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি তাঁর বক্তব্যে অগ্নিঝুঁকি এড়াতে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও কলকারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার তাগিদ দেন এবং আইন মেনে ভবন নির্মাণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ...সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির ফলে বর্তমান সময়ে যেকোনো বড় দুর্ঘটনা দ্রুত সামাল দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস জনগণের জানমাল রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে যেকোনো বড় অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
উদ্বোধনী পর্বের পর একটি সুসজ্জিত র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দক্ষ দল অগ্নিকাণ্ড এবং বিভিন্ন জটিল দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে এক জাঁকজমকপূর্ণ উদ্ধার মহড়া প্রদর্শন করে। মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর সহজ উপায় এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার কৌশল হাতে-কলমে দেখিয়ে দেওয়া হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২২ মে পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ ও হাটবাজারে এই জনসচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম চলমান থাকবে।

আপনার মতামত লিখুন