নরসিংদীতে মতবিনিময় সভা ও আর্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নরসিংদীতে চলমান এসএসসি পরীক্ষা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা এবং আর্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় নরসিংদী জেলা শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক বলেন, “নরসিংদী জেলায় শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মননশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন