লৌহজংয়ে মাদক সাম্রাজ্যে নারীর পদচারণা: ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই কারবারি
মাদক চোরাচালানে এবার নারীদের ব্যবহার করছে মুন্সীগঞ্জের লৌহজং এলাকার অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লৌহজং উপজেলার মালির অংক বাজারে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক তরুণী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার ইশরাত জাহান (২৫) খড়িয়া গ্রামের পারভেজ মালের স্ত্রী এবং তার সহযোগী মো. আসাদুজ্জামান (৪২) একই গ্রামের মৃত রফিকের ছেলে।
বর্তমান সময়ে ইয়াবার মতো ভয়ংকর মাদক গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। এরই মধ্যে ডিবির এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে। ডিবি কর্মকর্তা এসআই মোহাম্মদ কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন এই চক্রটি মালির অংক বাজার এলাকায় নিয়মিত মাদকের হাট বসাতো এবং নারীদের দিয়ে নিরাপদে চালান পৌঁছে দিত।
বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালান হাতবদলের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন