হয়রানিমুক্ত আধুনিক ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে লৌহজংয়ে আগামীকাল ভূমি মেলা-২০২৬ শুরু
সনাতন পদ্ধতির হয়রানি ও দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে ভূমি সেবাকে পুরোপুরি ডিজিটাল ও আধুনিক করার লক্ষ্যে সারা দেশের মতো মুন্সীগঞ্জের লৌহজংয়ে মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’। তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
স্মার্ট ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশব্যাপী এই আয়োজনের কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। এর আগে সকাল সাড়ে ৯টায় লৌহজং উপজেলা ভূমি অফিস চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
তারই প্রস্তুতি হিসেবে সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই থিম নিয়ে এবারের মেলা পরিচালিত হবে। অনলাইনে নামজারি, ই-পর্চা, ভূমি কর ও লিজমানি প্রদানের মতো সেবাগুলো মেলা থেকে সরাসরি মিলবে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করে সাধারণ মানুষের অর্থ ও সময় বাঁচাবে। সরকারের আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক ভিশন বাস্তবায়নে এটি বড় ভূমিকা রাখবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সদস্য মোহাম্মদ সুবিন, এম এ রাজ্জাক (সুমন), আবু বকর সিদ্দিক এবং লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, ও স্বপন বেপারীসহ উপজেলা গণমাধ্যম কর্মীরা। ডিজিটাল ভূমি সেবার এই মেলা নিয়ে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।
আপনার মতামত লিখুন