মুন্সীগঞ্জের হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের নির্বাচনী উঠন বৈঠক
আসন্ন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নতুন ধারার নেতৃত্ব ও আধুনিক ভাবনার সমন্বয়ে ইউনিয়নকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন নারী চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে শুক্রবার বিকেলে ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের বেঁদে পল্লীতে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে নারী, পুরুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভায় উপস্থিত সকলের বিপুল সমর্থন ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে লীনা পারভীন আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "নতুন ভাবনায়, নতুন নেতৃত্বে আমি আপনাদের সেবা করতে চাই। আমার নিজের পাওয়ার বা নেওয়ার কিছু নেই, মহান আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি কেবল এমন একটি প্ল্যাটফর্ম বা মাধ্যম চাই, যেখানে বসে এই ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের নিরলস সেবা করতে পারি।"
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়যুক্ত হলে হলদিয়াকে একটি আধুনিক ও স্মার্ট 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তুলবেন। তাঁর নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে— নারী উন্নয়ন ও শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু কল্যাণ, যুগোপযোগী শিক্ষার প্রসার, এবং টেকসই রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা, খেলাধুলার মাঠ সংস্কার ও সর্বোপরি শিক্ষিত তরুণ সমাজকে সাথে নিয়ে একটি সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এলাকার প্রান্তিক জনপদের ভোটাররা একজন নারী প্রার্থীর এই সাহসী উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
বেঁদে সম্প্রদায়ের প্রতিনিধি জুবায়েরের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌকদারের সঞ্চালনায় এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম সারোয়ার কাইউম, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েনসহ বেঁদে সম্প্রদায়ের বিভিন্ন সরদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন