শোকাবহ পরিবেশে লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনূর শিকদারের স্মরণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপির প্রয়াত ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনূর শিকদারের স্মরণে এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি লৌহজং কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ও লৌহজং উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। তৃণমূলের এই জনপ্রিয় নেতার বিদায়ে পুরো এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছে, তার সুস্পষ্ট প্রতিফলন দেখা যায় স্মরণ সভায় উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড়ে।https://www.facebook.com/share/v/18i44sHdgx/
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, "কোহিনূর শিকদারের মতো ত্যাগী নেতার মৃত্যুতে দল আজ একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হারালো। দলের প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।"
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ মালেক, জেলা বিএনপির সদস্য সালাম মোল্লা, ওমর ফারুক অবাক এবং ইঞ্জিনিয়ার মাহবুব আলম। তারা সকলেই প্রয়াত নেতার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের এক বড় মিলনমেলা ঘটে। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, জাসাস নেতা আশরাফ হোসেন আশু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, গাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নাদের হোসেন খান, মোঃ কাউসার তালুকদার, আল ইউসুফ আজাদ চঞ্চল, আতাউর রহমান খান, সিকদার বাবু খান, মাহবুব আলম টিটু, মোহাম্মদ মান্নান খান এবং মোহাম্মদ আবুল হোসেনসহ লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়। দলমত নির্বিশেষে উপস্থিত সকলে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে অংশ নেন। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে স্মরণ সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।
আপনার মতামত লিখুন